হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের এক কর্মীর কাছ থেকে ১ কেজির বেশি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট। এ ঘটনায় ওই কর্মীসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
কাস্টমস জানায়, বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটের দিকে এভসেকের সহায়তায় এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে বাংলাদেশ বিমানের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাঁর শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো নয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ৪৯ দশমিক ৪০ গ্রাম। কাস্টমসের হিসাবে, এর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওবায়দুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে এক যাত্রীকেও আটক করা হয়। স্বর্ণ উদ্ধারের ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩সহ সংশ্লিষ্ট আইনে পরবর্তী কার্যক্রম চলছে বলে জানিয়েছে এনবিআর।
Leave a Reply