নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের র্যাম্পের দোতলা থেকে বিমানবাহিনীর একটি পিকআপ ভ্যান নিচে পড়ে তিন সদস্য নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহতদের উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।.
বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী।
নিহতরা হলেন—সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল মনিরুজ্জামান ও এলএসি জোবায়দুল।
আহতরা হলেন—করপোরাল সিফাত আবু সাঈদ, করপোরাল মাহবুব, এলএসি আহাদ ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবুল খায়ের।
বিমানবন্দর সূত্র জানায়, রাত ১০টার দিকে তৃতীয় টার্মিনালের র্যাম্পের দোতলা থেকে পিকআপ ভ্যানটি নিরাপত্তা দেয়াল ভেঙে নিচে পড়ে যায়। এতে মুহূর্তের মধ্যে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর তৃতীয় টার্মিনালের নিরাপত্তার দায়িত্বে থাকা বিমানবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে দ্রুত সিএমএইচে পাঠানো হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।
তবে দুর্ঘটনার পরপরই আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।
এদিকে, দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, বিমানবন্দর সড়ক দুর্ঘটনায় হতাহতের কোনো খবর তিনি পাননি।
Leave a Reply