২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন নেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে এ ধাপের আবেদন শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত চলবে। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত।
সোমবার (২১ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে দ্বিতীয় ধাপে আবারও আবেদন গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের নির্ধারিত সময়সূচি অনুসরণ করে আবেদন সম্পন্ন করতে বলা হয়েছে।
আবেদন করতে হবে শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ভর্তি ওয়েবসাইটের মাধ্যমে। একাদশ শ্রেণির ভর্তি ওয়েবসাইট
দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন যারা
বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন করতে পারবেন—
যারা আগে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেননি;
যারা আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হননি;
যারা চূড়ান্ত মনোনয়ন পেয়েও নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন করতে পারেননি;
যারা চূড়ান্ত মনোনয়ন পেয়েও নির্ধারিত সময়ের মধ্যে কলেজে ভর্তি হতে পারেননি;
যারা চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলেন, কিন্তু ভুল কোটা নির্ধারণের কারণে কলেজে ভর্তি হতে পারেননি।
৫ থেকে ১০টি কলেজে আবেদন
শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজের আসনসংখ্যা বিবেচনা করে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম দিয়ে আবেদন করতে হবে।
দ্বিতীয় ধাপে আবেদনের ক্ষেত্রে কোটার যোগ্যতা যথাযথভাবে যাচাই করে নির্বাচন করার জন্য শিক্ষার্থীদের সতর্ক করা হয়েছে।
Leave a Reply