দিল্লির পূর্তমন্ত্রী প্রবেশ ভার্মার বিরুদ্ধে এক যুবককে চড় মারার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তা পরিদর্শনের সময় ভিডিও ধারণ করায় এক যুবকের মোবাইল ফোন বাম হাত দিয়ে সরিয়ে দিয়ে ডান হাতে যুবকটির মুখে চড় মারেন ওই মন্ত্রী।
ভিডিওতে দেখা যায়, এরপর ওই যুবকের সঙ্গে মন্ত্রীর কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি শুরু হয়। এ সময় এক নিরাপত্তারক্ষী দুজনের মাঝখানে দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। ঘটনাস্থলে আরও কয়েকজনকে উপস্থিত থাকতে দেখা যায়।
ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, মারছেন কেন? আরেকজন বলেন, ভাই, চড় মেরে দিয়েছেন। ভিডিও করার সময়ই চড় মারলেন। ভিড়ের মধ্যে থাকা আরেক ব্যক্তির কণ্ঠে শোনা যায়, সাধারণ মানুষকে কেউ চড় মারতে পারে না।
ঘটনাটি ঘটে দিল্লির পূর্তমন্ত্রীর রাস্তা পরিদর্শনে যাওয়ার সময়। তবে ভিডিওতে দেখা ঘটনার আগে কী ঘটেছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
আম আদমি পার্টির (আপ) তিলকনগরের বিধায়ক জারনাইল সিং ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, দিল্লির বিজেপি সরকারের পূর্তমন্ত্রী রাস্তা পরিদর্শনে গিয়ে অনিয়মের ভিডিও ধারণ করছিলেন এমন এক যুবকের ওপর চড়াও হন।
দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালও ভিডিওটি শেয়ার করে মন্ত্রীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
সূত্র: এনডিটিভি
Leave a Reply